Tuesday, March 3, 2026
Home Blog Page 9

“কর্মচারীদের আন্দোলনের মাঝেই জারি হলো সরকারি চাকরি অধ্যাদেশ”

0

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই  ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’  জারি করেছে সরকার। আজ সোমবার সন্ধ্যায় এ অধ্যাদেশ জারি করা হয়।

এ অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তাঁরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন হচ্ছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ -এর খসড়া অনুমোদন দেওয়া হয়। আজ তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে।
কর্মচারীরা অভিযোগ করেছেন, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে এই অধ্যাদেশ করা হয়েছে।

অধ্যাদেশে অনুযায়ী, সরকারি কর্মচারীদের (আইনানুযায়ী সবাই কর্মচারী) চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। সেগুলো হলো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যেকোনো কর্মচারীকে তাঁর কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তাঁর কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন; এবং যেকোনো সরকারি কর্মচারীকে তাঁর কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।

এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছিল, দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া, চাকরি হতে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করার দণ্ড দেওয়া যাবে।

তবে অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। কারণ, বিভাগীয় মামলা রুজু ছাড়াই শাস্তি দেওয়ার সুযোগ করা হয়েছে। এতে বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাঁকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে, রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

আন্দোলনকারী কর্মচারীরা অধ্যাদেশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

বিদেশ যেতে নিষিদ্ধ হলেন সাবের হোসেন চৌধুরী

0

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তাঁর স্ত্রী ও চার সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

সাবের হোসেন চৌধুরী ছাড়াও তাঁর স্ত্রী রেহেনা চৌধুরী, ছেলে হামদান হোসেন চৌধুরী, আরজ আলম চৌধুরী, মেয়ে রাইমা চৌধুরী ও আলীশা বাবর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সাবের হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। পরে শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগের মামলায় গত বছরের ৬ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। দুই দিন পর তিনি জামিনে মুক্তি পান।

সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে ফের বিক্ষোভের ঝড়

0

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসান ও জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

শনিবার (২৪ মে) স্থানীয়দের পাশাপাশি রাজধানী তেলআবিবের প্রধান সড়কে জড়ো হন জিম্মি ইসরায়েলি নাগরিকদের পরিবার। এ সময় সরকার বিরোধী স্লোগান দেন হাজারও মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই হামলা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময়, গাজায় যুদ্ধ বন্ধ ছাড়া জিম্মিদের উদ্ধার সম্ভব নয় উল্লেখ করে, স্বজনদের জন্য উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা। সেইসাথে, আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগের আহ্বানও জানায় জিম্মিদের পরিবার।

ইসরায়েলি সূত্র অনুযায়ী, বিভিন্ন সময় হওয়া যুদ্ধবিরতি চুক্তিসহ অন্যান্য সমঝোতার পর হামাসের হাতে এখনও বন্দী অন্তত ৫৮ জিম্মি। এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ জীবিত বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই ধাপে বৈঠকে মিলবেন যাঁরা

0

দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আজও বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ মে) বিকেল ৫টা ও ৬টায় দুই দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

প্রথম দফায় দেখা করবেন ১১ জন। তারা হলেন, কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ৯ জন। তারা হলেন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

এর আগে, গতকাল শনিবার (২৪ মে) রাতে বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব: কান উৎসবে সম্মানিত হলো ‘আলি’

0

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয়েছে পরিচালক আদনান আল রাজীবের সিনেমাটিকে। 

বৃহস্পতিবার (২২ মে) উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি প্রশংসিত হয়। 

সিনেমায় স্বনামে অভিনয় করেছেন আল-আমিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়, সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।

ছবির মূল কারিগর নির্মাতা আদনান আল রাজীব। দেড় যুগ ধরে টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন নির্মাণে কাজ করছেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন তারা। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।

সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান বলেছিলেন, আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।

ঈদযাত্রা সামনে রেখে ৪ জুনের ট্রেন টিকিট আজ বিক্রি শুরু

0

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ঈদ ৭ জুন ধরে চলতি কর্মসূচির আওতায় আজ বিক্রি হচ্ছে পঞ্চম দিনের (৪ জুন) ট্রেনের টিকিট।

রোববার (২৫ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনার তথ্যমতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবারও বিশেষ ব্যবস্থায় ৭ দিনের জন্য আগাম টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে রেলওয়ে

জাতীয় কবি নজরুল ইসলামের জন্মের ১২৬ বছর পূর্তি আজ

0

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ। দিনটি উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন।

কাজী নজরুল ইসলাম মূলত বিদ্রোহী কবি হলেও কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম।  চির প্রেমের এ কবি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। তাই তো মানুষটি অনায়াসেই বলতে পারেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।’

কর্মসূচি

বাসস জানিয়েছে, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫, ২৬ ও ২৭ মে কুমিল্লায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আজ বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবির পৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী।

স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তৃতা করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। 

অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক অনুষ্ঠান।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জনের প্রাণহানি

0

লিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে। 
গতকাল শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, “অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না।”

চলতি বছরের ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরও ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।

গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ভুয়া ফলোয়ার দিয়েই বছরে ৩০ লাখ ইউরো আয় করেন এমবাপ্পে!

0

ইনস্টাগ্রামে ভুয়া অনুসারীদের (ফেক ফলোয়ার) মাধ্যমে বছরে প্রায় ৩০ লাখ ইউরো আয় করেন কিলিয়ান এমবাপ্পে। যা বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকার বেশি। রিয়াল মাদ্রিদের আরেক খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের এই পদ্ধতিতে বছরে আয় প্রায় ১২ লাখ ইউরো।

শুধু এ দুজনই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অনুসারীদের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ১০ লা লিগা খেলোয়াড়ের ৬ জনই রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার আছেন তিনজন। আতলেতিকোর একজন। ক্রীড়াবিষয়ক প্লাটফর্ম অডসপিডিয়ার এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

অডসপিডিয়ার বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মুন্দো দেপোর্তিবো। বার্সেলোনাভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যমটি লিখেছে, বর্তমানে লা লিগায় খেলছেন, এমন কোন ফুটবলাররা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবশালী ও উপার্জনকারী—তা বোঝার চেষ্টা হয়েছে বিশ্লেষণে।

এতে দেখা হয়েছে ইনস্টাগ্রাম থেকে কার আয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, কার অনুসারীদের মধ্যে কতজন ভুয়া (ফেক) এবং এই ভুয়া অনুসারীদের মাধ্যমে তাঁরা কতটা আয় করতে পারতেন বা পারছেন।

বিশ্লেষণে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অনুসারীদের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ আয় করা শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকায় এমবাপ্পের নাম শীর্ষে। ২৫ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড যদি প্রতিটি ম্যাচে একটি করে পোস্ট দেন, তাহলে প্রতি মৌসুমে আনুমানিক ২৮,৩২,২৫১ ইউরো আয় করতে পারেন।

বর্তমানে এমবাপ্পের ইনস্টাগ্রাম অনুসারী ১২ কোটি ৪০ লাখের বেশি। এই বিশালসংখ্যক অনুসারীর মধ্যে ২ কোটি ৬০ লাখই ভুয়া, যা মোট অনুসারীর ২১ দশমিক ২৩ শতাংশ। শুধু এই ভুয়া অনুসারীদের মাধ্যমেই প্রতি পোস্টে প্রায় ৭৫ হাজার ইউরো আয়ের সম্ভাবনা রাখেন এমবাপ্পে। যা সব মিলিয়ে বছরে ৩০ লাখ ইউরোর কাছাকাছি পৌঁছে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইনস্টাগ্রাম থেকে এমবাপ্পের বার্ষিক আয় ৪৮ কোটি ৪০ লাখ ইউরো।

এমবাপ্পের পরে দ্বিতীয় সর্বোচ্চ আয় ভিনিসিয়ুস জুনিয়রের। ব্রাজিলের এই ফরোয়ার্ডের ইনস্টাগ্রাম অনুসারী ৫ কোটি ৩০ লাখ। যার মধ্যে ২০ দশমিক ৭১ শতাংশ বা ১ কোটি ১১ লাখ ভুয়া। এই ভুয়া অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বছরে ভিনিসিয়ুস আয় করতে পারেন ১১ লাখ ৮২ হাজার ইউরোর বেশি। তৃতীয় স্থানেও রিয়াল মাদ্রিদের একজন—জুড বেলিংহাম। ইংল্যান্ডের এই মিডফিল্ডারের বছরে আয় ১০ লাখ ইউরোর কিছুটা কম।

বার্সেলোনার ‘নতুন মেসি’ লামিনে ইয়ামালের আয়ও কম নয়। ১৮ বছর বয়সী এই তারকার ইনস্টাগ্রাম অনুসারী ৩ কোটি ২৯ লাখ। যার মধ্যে ৭৯ লাখ বা ২৫ দশমিক ৭২ শতাংশই ভুয়া। প্রতি ম্যাচের পর একটি করে পোস্ট দিলে ইয়ামালের আয় দাঁড়ায় সাড়ে আট লাখ ইউরোর বেশি। তালিকায় এর পরের তিনটি জায়গায় আছেন যথাক্রমে রদ্রিগো, ফেদেরিকো ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা।

ভুয়া অনুসারী: কী, কেন

ভুয়া অনুসারী বলতে সাধারণত তিন ধরনের অ্যাকাউন্ট বোঝানো হয়। বট বা স্বয়ংক্রিয়ভাবে তৈরি, বাস্তব মানুষের অ্যাকাউন্ট কিন্তু নিসষ্ক্রিয় এবং ক্রয় করা অ্যাকাউন্ট। বিভিন্ন বিশেষায়িত টুলস ও অ্যালগারিদমের মাধ্যমে (পেইড ভারসন) ভুয়া অনুসারী চিহ্নিত করা যায়।

তারকাদের ক্ষেত্রে অনুসারীর অভাব হয় না বলে ভুয়া অনুসারী বৃদ্ধিতে তাঁদের ভূমিকা থাকার কথা নয়। তবে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য কারও কারও প্রচারণা দল বা ব্যবস্থাপক কৃত্রিমভাবে অনুসারী বাড়ানোর কাজ করে থাকতে পারেন।

“কৃষি অ্যাওয়ার্ড’ আয়োজন আবারও চালু করলো এসসিবি ও চ্যানেল আই”

0

বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে দশম ‘কৃষি অ্যাওয়ার্ড ২০২৫’। দেশে কৃষি ও খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে এবারের আয়োজনে মোট ১৩টি শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ শনিবার সকালে আয়োজিত এসসিবি ও চ্যানেল আইয়ের যৌথ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন কৃষি অ্যাওয়ার্ডের প্রযোজক রেহানা সামদানী। এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এসসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় ও কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী।

এ বছরের কৃষি অ্যাওয়ার্ডে ব্যক্তিপর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, পরিবর্তনের নায়ক (নারী বা পুরুষ), সেরা সাংবাদিক (কৃষি), জুরি স্পেশাল (বিচারকমণ্ডলীর বিশেষ সম্মাননা), সেরা মেধাবী সংগ্রামী কৃষক (পুরুষ), সেরা মেধাবী সংগ্রামী কৃষক (নারী), জলবায়ু অভিযোজনভিত্তিক শ্রেষ্ঠ কৃষক (নারী বা পুরুষ) ও ছাদকৃষি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রমাগত নগরায়ণের ফলে শহরভিত্তিক কৃষিকে অনুপ্রাণিত করার জন্য এ বছর যুক্ত হয়েছে ‘ছাদকৃষি’ শ্রেণি। এ ছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে কৃষি খাতে গবেষণা ও উদ্ভাবনে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কৃষি সহায়তা ও বাস্তবায়নে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও বছরের শ্রেষ্ঠ কৃষিপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, করোনার পর দেশে যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল, তা মোকাবিলায় কৃষি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন সনাতন পদ্ধতির কৃষি চাষ কমে গেছে। দেশে দিন দিন কৃষির বাণিজ্যিকীকরণ হচ্ছে। ফলে বাড়ছে কৃষিতে তরুণদের অংশগ্রহণ। ভবিষ্যতে কৃষিতে এআইয়ের ব্যবহার ও আরও বেশি যান্ত্রিকীকরণ হলে এই খাত আরও বড় হবে।

এসসিবির সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘আমাদের দেশে নীরব নায়ক হচ্ছেন কৃষকেরা। তাঁদের শ্রমেই দেশের হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হয়েছে। দেশের সংগ্রাম ও সম্ভাবনা—সবকিছুতেই রয়েছে কৃষির বড় অবদান।’

২৫ মে শুরু হচ্ছে ‘কৃষি অ্যাওয়ার্ড ২০২৫’-এর আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। আগামী ১৬ থেকে ২০ জুলাইয়ের মধ্যে জমা হওয়া মনোনয়ন থেকে প্রতিটি বিভাগে সর্বোচ্চ তিনজন করে প্রার্থী বাছাই করা হবে। এরপর মাঠপর্যায়ে যাচাই-বাছাই ও বিচারকদের পর্যালোচনার পর চূড়ান্ত হবে বিজয়ীদের নাম। অ্যাওয়ার্ডের চূড়ান্ত আয়োজন হবে চলতি বছরের ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর।