Tuesday, March 3, 2026
Home Blog Page 5

বাংলাদেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা কামনা দ্রৌপদী মুর্মুর

0

ঢাকা: গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রত্যাশা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বৃহস্পতিবার (২৯ মে) ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশকালে তিনি এই প্রত্যাশা করেন।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন এম রিয়াজ হামিদুল্লাহ।

ভারতের রাষ্ট্রপতি মুর্মু রাষ্ট্রদূত হামিদুল্লাহকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের পুনর্ব্যক্ত করেন। ‌‘আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ কল্পনা করি,’ রাষ্ট্রপতি মুর্মু বলেন।

তিনি জোর দিয়ে বলেন,  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রদত্ত অভিন্ন ত্যাগের ওপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি নিহিত। ভারতের রাষ্ট্রপতি অভিন্ন সমৃদ্ধি এবং বর্ধিত সংযোগের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গির গুরুত্ব সম্পর্কেও কথা বলেছেন। দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির পদ গ্রহণের জন্য তিনি বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

অনুষ্ঠানে হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি দুই দেশের মধ্যে বহুমুখী অংশীদারত্ব জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এম রিয়াজ হামিদুল্লাহ উভয় দেশের যুবসমাজের মধ্যে সংযোগ বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন।

এম রিয়াজ হামিদুল্লাহ গত ১৪: এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে   যোগ দিয়েছেন।

দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয় দেখভাল করতেন তিনি।

অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

বিসিএস ফরেন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে বিভিন্ন উইংয়ে নিয়োজিত ছিলেন।  

এ ছাড়া তিনি জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন।

এর আগে গত ১৫ মে রিয়াজ হামিদুল্লাহসহ ৫ দূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের আয়োজন ছিল। তবে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠান স্থগিত করা হয়।

সৌদি আরবের লক্ষ্য এখন রোনালদোকে ধরে রাখা

0

ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি আরবে ধরে রাখতে তাঁর সঙ্গে ‘কঠিন’ এক আলোচনা চালিয়ে যাচ্ছেন দেশটির অফিশিয়ালরা। সহজ কথায় আলোচনাটি স্বস্তিদায়ক হচ্ছে না কিংবা ফলপ্রসূ না হওয়ার সম্ভাবনাই বেশি। এ বিষয়ে জানেন, এমন এক সূত্র খবরটি জানিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে।

গত মঙ্গলবার আল নাসর সৌদি প্রো লিগের মৌসুম শেষ করার পর ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দেন রোনালদো। আল ফাতেহর কাছে ৩-২ গোলে হেরে তৃতীয় হয়ে লিগ শেষ করে আল নাসর। রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে এরপর লেখা হয়,‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’  আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। ৪০ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালে আল নাসরে যোগ দেন। ফিফা ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার গুঞ্জন চলছে।

রোনালদোর ক্লাব আল নাসর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অনেকের ধারণা, ক্লাব বিশ্বকাপে খেলতেই আল নাসর ছাড়তে চান রোনালদো। এ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কিছুদিন আগে বলেছেন, রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে ‘আলোচনা চলছে’।

সৌদি আরব থেকে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে শুধু আল হিলাল। এএফপিকে সূত্র জানিয়েছে, দলবদলের মাধ্যমে আল নাসর থেকে রোনালদোকে আল হিলালে পাঠানো হতে পারে। সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) দেশটির ফুটবলে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। পিআইএফের সেই সূত্র বলেছেন, সৌদি প্রো লিগের আগামী মৌসুমে ‘থাকার জন্য রোনালদোকে রাজি করাতে তাঁর সঙ্গে কঠিন এক আলোচনা চলছে।’

রোনালদোর বিষয়ে আল নাসরের অবস্থান আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্লাবটির পরিচালক ফার্নান্দো হিয়েরো, ‘আমরা তার চুক্তি নবায়নের চেষ্টা করব, যেন সে আমাদের সঙ্গে চালিয়ে যেতে পারে। তাকে সই করাতে অনেক ক্লাবই আগ্রহী। চুক্তি নবায়ন করতে আমরা রোনালদোর সঙ্গে আলোচনা করছি। সৃষ্টিকর্তা চাইলে আমরা সমাধান খুঁজে বের করতে পারব।’

রোনালদোকে নিয়ে এএফপিকে সেই সূত্র আরও বলেছেন, ‘প্রথম পথটা হলো আল আহলিতে যোগদান, যেখানে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। কিংবা এশিয়ান চ্যাম্পিয়ন আল আহলিতে যোগদান।’

তেলসমৃদ্ধ সৌদির সরকারি স্বাধীন বিনিয়োগ তহবিল পিআইএফ প্রো লিগে আল নাসর, আল হিলাল ও আল আহলিকে নিয়ন্ত্রণ করে।

খেলোয়াড় সই করাতে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলকে ১ থেকে ১০ জুন পর্যন্ত দলবদলের বিশেষ সময় দেবে ফিফা। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে শুরু হবে ক্লাব বিশ্বকাপ।

রোনালদোর সৌদি প্রো লিগে যোগদান দেশটির ঘরোয়া ফুটবলে কত প্রভাব ফেলেছে, তা নিয়ে কথা বলেছেন সেই সূত্র, ‘গত আড়াই বছরে সৌদি প্রো লিগের উন্নতিতে অন্যতম বড় ভূমিকা রোনালদোর উপস্থিতি। অভিজাত ও তরুণ খেলোয়াড়দের সৌদি আরবে আসার দ্বার খুলেছেন তিনি।’

আল নাসর এবার লিগে তৃতীয় হলেও ৩০ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। গত মাসে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরে যাওয়া আল নাসরের হয়ে সৌদি লিগ কিংবা মহাদেশীয় ট্রফি জিততে পারেননি।

পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ৪০ বছর বয়সী রোনালদো গত বছর জানিয়েছিলেন, তিনি আল নাসরেই ক্যারিয়ার শেষ করতে পারেন। সৌদি রাজপরিবারের অনেকেরই পছন্দের ক্লাব আল নাসর। প্রচুর অর্থ বিনিয়োগ করে ইউরোপের বেশ কিছু বড় তারকাকে নিজেদের ঘরোয়া ফুটবলে নিয়ে এসেছে সৌদি আরব। ২০৩৪ বিশ্বকাপও আয়োজন করবে দেশটি।

গণতন্ত্রের অগ্রযাত্রায় বারবার বাধা দেওয়া হচ্ছে: খালেদা জিয়া

0

দেশে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বৃহস্পতিবার আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। সেখানে তাঁর ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়।

খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, সে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। খুব শিগগির বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার।’ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বলেন, ‘মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে অংশ নেন। সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ ও হাফিজ উদ্দিন আহমদ । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ। সভার সঞ্চালক ছিলেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন।

১ জুন থেকে চলবে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

0

বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। আগামী ১ জুন থেকে এই নোটগুলো বাজারে ছাড়া হবে। এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ছাড়া হবে। এসব নোটের ডিজাইন ও প্রতীকে আসছে পরিবর্তন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এসব নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে। রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এসব নোট সংগ্রহ করা যাবে।

৫০ টাকার নোটে কী থাকছে

গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৩০ মিমি X ৬০ মিমি। নোটটি শতভাগ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। নোটটিতে থাকছে গাঢ় বাদামি রঙের আধিক্য।

ব্যাংক নোটটির সামনের বাঁ পাশে আহসান মঞ্জিলের ছবি। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা–কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকছে। নোটের পেছনে জলছাপ এলাকার ডান পাশে থাকছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’–এর ছবি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৫০ টাকার নোটে মোট আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সামনে বাঁ পাশে ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে। নোটটি নাড়াচাড়া করা হলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। নোটটিতে গভর্নর স্বাক্ষরের ডান পাশে একধরনের প্যাটার্ন মুদ্রিত থাকবে—আলোর বিপরীতে ধরলে ‘৫০’ লেখা দৃশ্যমান হবে।

১০০০ টাকার নোটে কী থাকছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৬০ মিমি x ৭০ মিমি। নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে বেগুনি রঙের আধিক্য।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের সামনে বাঁ পাশে থাকছে জাতীয় স্মৃতিসৌধ ও সাভারের ছবি। নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা–কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে জাতীয় সংসদ ভবনের ছবি।

নোটটিতে মোট ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সামনের বাঁ পাশে ৫ মিমি চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যেখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ ও ‘১০০০ টাকা’ খচিত আছে। নোটটি নাড়াচাড়া করলে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ অংশের নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং ‘১০০০ টাকা’ অংশে উজ্জ্বল রংধনু বার ওপর থেকে নিচে ওঠানামা করে।

২০ টাকার নোটে কী থাকছে

গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ২০ টাকার ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৭ মিমি x ৬০ মিমি। নোটটি শতভাগ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। নোটটিতে থাকছে সবুজ রঙের আধিক্য।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটটির সামনের বাঁ বাশে ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দিরের ছবি। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা–কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকছে। নোটের পেছন ভাগে জলছাপ এলাকার ডান পাশে থাকছে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।

নোটটিতে মোট পাঁচ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সামনে বাঁ পাশে ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে। নোটটি নাড়াচাড়া করা হলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। নোটটিতে গভর্নর স্বাক্ষরের ডান পাশে একধরনের প্যাটার্ন মুদ্রিত আছে—আলোর বিপরীতে ধরলে ‘২০’ লেখা দেখা যাবে।

বিষয়টি হলো, সব ধরনের টাকা ও ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় গত এপ্রিলের শুরুতে হঠাৎ নতুন নোট বাজারে ছাড়া বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর হাতে থাকা বঙ্গবন্ধুর ছবিসংবলিত নতুন নোট বাজারে আসেনি। এ পরিস্থিতিতে চাহিদার তুলনায় ব্যাংকগুলোকে নতুন নোট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। ফলে ছেঁড়াফাটা ও পুরোনো ময়লা নোটে বাজার সয়লাব হয়ে গেছে। ১ জুন থেকে বাজারে নতুন নোট এলে এই সংকট অনেকটা কাটবে বলেই ধারণা করা হচ্ছে।

গভীর নিম্নচাপের আঘাত শুরু, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা

0

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এই নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে। এর প্রভাবে দেশের অন্তত ১৪ জেলার বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছে দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করতে পারে। এরপর এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চর ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তখন ঝোড়ো হাওয়াও থাকতে পারে।

উপকূলে আঘাত হানছে গভীর নিম্নচাপ, চার ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা

0

ঢাকা: গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা ও চরাঞ্চলে চার ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। বৃহস্পতিবার (২৯ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপের কারণে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশি এক লাখ শ্রমিক নিয়োগ দেবে জাপান

0

ঢাকা: ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।

তিনি বলেন, ‘এটি আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। ’

সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। ’ তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে।

তিনি বলেন, ‘সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। ’

শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, ‘অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। ’

এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, ‘আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ কর্মীদের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। ’

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত। ’

ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং তারা এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে। ’

জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অরগানাইজেশনের (জেইটিসিও) চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।  

তিনি বলেন, বাংলাদেশে এখনও ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের (এমএইচএলডব্লিউ) প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, ‘জাপানে জনসংখ্যা কমছে এবং সে কারণে বাংলাদেশি কর্মীদের সহায়তা প্রয়োজন হবে। ’

তিনি বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্যও একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। ’

স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি ১০ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ কর্মী পাঠাতে পারে।

ইসরায়েলের পুনরায় আক্রমণে কাঁপছে সানা বিমানবন্দর

0

হুতির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানায় প্রধান বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সর্বশেষ বেসামরিক বিমানটি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হুতি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাত দিয়ে জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চারটি হামলা হয়েছে। এতে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সর্বশেষ বেসামরিক বিমানটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক খালেদ আল-শায়েফ।

বুধবার (২৮ মে) এয়ারপোর্টটির চারটি রানওয়ে লক্ষ্য করে চার দফায় বোমা ফেলে তেল আবিব। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাগুলো। একদিন আগেই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। জবাবে এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।

এর আগেও একাধিকবার সানা বিমানবন্দরে হামলা করেছে ইসরায়েল। ধ্বংস হয় ইয়েমেনিয়া এয়ারওয়েজের আরও তিন বিমান। স্থাপনাটিকে ইয়েমেনের প্রধান বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

গণতন্ত্র রক্ষায় নির্বাচন চাওয়াকে অপরাধ বলা যায় না: শহীদ উদ্দীন চৌধুরী

0

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন মহলে বলাবলি হচ্ছে, একটি দল নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে। এই প্রেক্ষাপটে তিনি বলতে চান, মানুষের ভোগান্তি লাঘবে বিএনপি দ্রুত সময়ে নির্বাচন চায়। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে গিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ কথাগুলো বলেন।

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে গত রোববার জুলাই গণ-অভ্যুত্থানে আহত চারজন উন্নত চিকিৎসার দাবিতে বিষ পান করেন। পরে তাঁদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর নিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান শহীদ উদ্দীন চৌধুরী।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দল দ্রুত সময়ে নির্বাচনের কথা বলছে বলে উল্লেখ করেন ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনের উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, নির্বাচন চাওয়া দোষের কিছু নয়। নির্বাচনের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন শহীদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘সরকার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। আমরা দেখেছি, তাঁরা (আহত ব্যক্তিরা) অবহেলার শিকার হয়েছে। রোগীরা অবহেলার কথা আমাদের জানিয়েছেন।’

শেখ হাসিনার আমলে যাঁরা গুম-খুন-নির্যাতনের হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরও অন্তর্বর্তী সরকার অবহেলা করছে বলে অভিযোগ করেন শহীদ উদ্দীন চৌধুরী। বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকার থাকলে জুলাই গণ-অভ্যুত্থান আহত ব্যক্তিরা, যাঁরা হাত-পা-চোখ হারিয়েছেন, যাঁরা গুমের শিকার হয়েছিলেন, তাঁরা অবহেলিত থাকতেন না। তিনি এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।

শহীদ উদ্দীন চৌধুরী ‘আমার বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিষ পান করা চারজনের চিকিৎসা সহায়তাসহ আর্থিক সহযোগিতা দিয়ে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান বলেন, সরকারের উচিত ছিল, আহত ব্যক্তিদের সঠিক তদারকি করা, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। তাহলে আহত এই ব্যক্তিরা বিষপানের মতো কাজ করতেন না। বিষপানের সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখামাত্রই তাঁদের এখানে পাঠিয়েছেন। তাঁরা এই ব্যক্তিদের পুনর্বাসন ও চিকিৎসায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি ফারুক

0

ফারুক আহমেদ তাহলে আর বিসিবি সভাপতি থাকছেন না? অবস্থাদৃষ্টে পরিস্থিতি সে রকমই মনে হচ্ছে। তবে তিনি কতটা স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন, সেটা একটা প্রশ্ন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেছেন ফারুক। ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন যে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন তাঁরা।

তবে কেন পরিবর্তন আনতে চাচ্ছেন, সে ব্যাখ্যা নাকি পাননি ফারুক। মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ফারুক। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসানের বোর্ডে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দেওয়া হয়।

তাঁদের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনকে এনএসসি তাদের নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান।

ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে যেহেতু আইসিসির অবস্থান কঠোর, সরকার চাইলেই বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে পারে না। বিসিবির পরিচালক এবং সভাপতিকেও হতে হয় নির্বাচিত।

ফারুক এনএসসি মনোনীত পরিচালক হওয়ায় সে মনোনয়নে এনএসসি হয়তো পরিবর্তন আনতে পারে, কিন্তু তিনি যেহেতু এখন নির্বাচিত সভাপতি; স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকার তাঁকে সরিয়ে দিতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।

সে রকম কোনো সিদ্ধান্ত সংকটে ফেলতে পারে বাংলাদেশের ক্রিকেটকেই। এর আগে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ক্রিকেটকে সরকারি হস্তক্ষেপের মাশুল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটাতে হয়েছিল।

অবশ্য ফারুক আহমেদ যদি নিজ থেকে সরে দাঁড়ান, তাহলে ভিন্ন কথা। একটি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার জন্য দু–এক দিন সময় চেয়েছেন ফারুক। পদত্যাগ করলে খুব দ্রুতই তিনি তা করবেন।

কয়েক দিন ধরেই গুঞ্জন, তিন মাসের জন্য বিসিবির সভাপতির দায়িত্ব নিতে পারেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, আগামী মাসেই যাঁর আইসিসিতে চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা।

এমনও শোনা গেছে, আমিনুলকে প্রধান করে নাকি অক্টোবরে বিসিবির আগামী নির্বাচনের জন্য অন্তর্বর্তী কমিটি গঠন করবে সরকার। বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী অবশ্য সে রকম কিছু করার সুযোগ নেই।

আমিনুলের ব্যাপারে আরেকটি আলোচনা, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সম্ভাবনা আছে তাঁর। কিন্তু সূত্র জানিয়েছে, এ রকম একটি আলোচনায় আমিনুল নাকি দায়িত্বটি নিতে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বিগুণ বেতন চেয়েছেন, যেটি প্রায় ১২ লাখ টাকা।

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আজ রাতে আমিনুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে ফারুকের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার আলোচনার সময় আমিনুল সেখানে ছিলেন না বলে সূত্র নিশ্চিত করেছে।