Wednesday, March 4, 2026
Home Blog Page 22

উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা পুনর্বহালের প্রতিবাদে

0

ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে। কোটা বাতিল চেয়ে ‘বৈষম্যহীন সমাজ’ গড়তে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।

রবিবার (৯ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন, মলচত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’,‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি দল হাইকোর্টের অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ দিতে যান। এসময় শিক্ষার্থীরা ৩০ জুনের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

আন্দোলনে আসা ইংরেজি বিভাগের শিক্ষার্থী রোজিনা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোটা সংসদে বাতিল করেছিলেন। কিন্তু হাইকোর্টের নেওয়া এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বপ্নকে ভেঙে দিয়েছে। মেধার ভিত্তিতে দেশ গড়ার স্বপ্নকে ধুলিস্যাৎ করেছে। সাম্য ও সামাজিক ন্যায়বিচার ভঙ্গ করেছে।

ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

0

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার (৮ জুন) ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালের মাহাত্ম্য ছিল আরও এক জায়গায়। ইংল্যান্ড টি-টোয়েন্ট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের রাজা। দুই সেরার লড়াইয়ে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে ‘বি’-গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ২০১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে ইংল্যান্ড। 

বিশাল রান তাড়ায় ইংলিশদের শুরুটা হয়েছে দুরন্ত। অধিনায়ক জস বাটলার ও ফিল সল্টের ওপেনিং জুটিতে আসে ৪৩ বলে ৭৩ রান। অষ্টম ওভারে অ্যাডাম জাম্পার স্পিনে বোকা বনে যান সল্ট। ২৩ বলে ৩৭ রান করে বোল্ড হন। প্যাট কামিন্সের ক্যাচ বানিয়ে বাটলারকেও ফেরান জাম্পা। বাটলারের ব্যাট থেকে ২৮ বলে ৪২ রান আসে। ওয়ানডাউনে নামা উইল জ্যাকসকে বেশিক্ষণ থাকতে দেননি মার্কাস স্টয়নিস। ১০ রান করে স্টয়নিসের বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জ্যাকস।

৯৬ রানে তিন উইকেট হারিয়ে হঠাৎই দিকভ্রান্ত হয়ে পড়ে ইংল্যান্ড। সুযোগ লুফে নিয়ে চ্যাম্পিয়নদের টুঁটি চেপে ধরে অসিরা। সেই যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া, বাকি সময় ইংল্যান্ড সেটি ছিনিয়ে নিতে পারেনি। ১৫ বলে মঈন আলীর ২৫, লিভিংস্টোনের ১২ বলে ১৫ এবং হ্যারি ব্রুকের ১৬ বলে অপরাজিত ২০ রানের শুধু হারের ব্যবধান কমেছে। 

অস্ট্রেলিয়ার পক্ষে চার ওভারে ২৮ রান দিয়ে জাম্পা নেন দুই উইকেট। কামিন্সের শিকারও দুটি, তিনি রান দিয়েছেন চার ওভারে ২৩।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ওভার থেকেই শুরু হয় অসি ব্যাটারদের আগ্রাসন। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড মিলে ওপেনিং জুটিতে পাঁচ ওভারে তোলেন ৭০ রান। এরমধ্যে মার্ক উডের এক ওভারে তিনটি ছক্কা ও একটি চারে ২২ রান নেন ওয়ার্নার। আগ্রাসী ওয়ার্নারকে থামান মঈন আলী। লোয়ার ডেলিভারিতে মিডল স্টাম্প ভাঙেন ওয়ার্নারের। আউট হওয়ার আগে অসি ওপেনারের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩৯ রানের ঝড়। 

১৮ বলে ৩৪ রান করা হেডকে বোল্ড করেন জোফরা আর্চার। দুই ওপেনার ফিরলেও থামেনি অস্ট্রেলিয়ার আগ্রাসন। অধিনায়ক মিচেল মার্শের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৫ রানের ইনিংস। লিয়াম লিভিংস্টোনের বলে জস বাটলার তাকে স্ট্যাম্পড করেন। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ব্যর্থ ছিলেন পুরো আইপিএলে। ইংলিশদের বিপক্ষে অবশ্য রানে ফিরেছেন তিনি। তবে, ২৮ রান করতে খেলেছেন ২৫ বল। ম্যাক্সওয়েলের নামের পাশে যা অনেকটা বেমানান। আদিল রশিদের বলে ডিপ মিড উইকেটে ফিল সল্টের হাতে ধরা পড়েন ম্যাক্স। মাঝে ক্রিস জর্ডানের বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম ডেভিড। আট বলে ১১ রান করেন টিম।

শুরুর মতো শেষেও রানের চাকা সমানতালে সচল রাখে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের ব্যাটে অসিরা একটু একটু করে করে চড়ে রান পাহাড়ে। দুজনে মিলে ১৭ বলে গড়েন ৩২ রানের জুটি। জর্ডানের বলে হ্যারি ব্রুকের ক্যাচ হওয়ার আগে স্টয়নিসের ব্যাট থেকে আসে ১৭ বলে ৩০ রান। এই উইকেটে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট তুলে নেন জর্ডান। ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ওয়েড।

ইংল্যান্ডের পক্ষে জর্ডান দুটি এবং একটি করে উইকেট নেন মঈন, আর্চার, রশিদ ও লিভিংস্টোন।

গুলশানে পুলিশ সদস্যের গুলিতে কনস্টেবল নিহত

0

ঢাকার গুলশানের বারিধারা কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিবিদ্ধ হয়ে মনিরুল নামের একজন কনস্টেবল নিহত হয়েছেন। কাওসার আহমেদ নামের আরেক পুলিশ সদস্যের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও। গতকাল শনিবার (৮ জুন) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। আর দূতাবাসের ওই গাড়িচালককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এখনই তার নাম বলতে পারছি না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী মানসিক বিকারগ্রস্ত। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী হাসান আহমেদ রাত সাড়ে ১২টার দিকে এনটিভি অনলাইনকে জানান, তারা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। এতে তাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তবে কী নিয়ে এমন ঘটনা, তা তাৎক্ষণিক বুঝতে পারেননি, ঘটনা জানারও পরিস্থিতি ছিল না।

এদিকে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম গণমাধ্যমকে বলেন, ‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে পুলিশ সদস্য। আমরা খবর পাওয়া মাত্র ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যাচ্ছি। কিন্তু সেখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটিসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।’

রিফাত রহমান শামীম আরও বলেন, ‘এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। যতটুকু শুনেছি, গুলি ছোড়া কনস্টেবল মানসিকভাবে বিকারগস্ত। বাকিটা তদন্তে বের হয়ে আসবে।’

অন্যদিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনার পরপরই সোয়াতের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা চারপাশ ঘিরে রেখেছে। যে পুলিশ কনস্টেবল গুলি করেছেন, তাকে নিরস্ত্র করা হয়েছে।

কর্ম নিয়ে দুশ্চিন্তায় ৫৫ শতাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

0

মানসিক চাপে ভুগছেন দেশের অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এমন চাপ তাদের অনেককে ঠেলে দিচ্ছে ভয়ানক স্বাস্থ্যঝুঁকির দিকে। কেউ কেউ আত্মহত্যাও করে বসছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মানসিক চাপ ও হতাশার পেছনে অন্যতম কারণ ভবিষ্যৎ পেশাজীবন দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতা। প্রচণ্ড মানসিক অস্থিরতা ও প্রতিকূল পরিবেশে খাপ খাওয়াতে না পারার কারণে ৩৯ শতাংশ শিক্ষার্থীর মনে আত্মহত্যার চিন্তা এসেছে। ৫৫ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা ভবিষ্যৎ পেশাজীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

শুক্রবার ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে ‘বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ’ শিরোনামে জরিপের তথ্য তুলে ধরা হয়। জরিপে বলা হয়, প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় জীবনে হতাশার বিভিন্ন উপসর্গে ভোগেন। সরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৩ শতাংশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ শতাংশ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬১ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা এ ধরনের উপসর্গের মধ্য দিয়ে গিয়েছেন। প্রায় ৩২ শতাংশ জানিয়েছেন, তারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন। ৩০ শতাংশ শিক্ষার্থী সরকারি চাকরি করতে চান, প্রায় ১০ শতাংশ ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। মাত্র ৭ শতাংশ বেসরকারি চাকরি করতে চান। পেশাজীবন নিয়ে এখনই কোনো ভাবনা নেই প্রায় ২২ শতাংশ শিক্ষার্থীর।

জরিপটি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত পরিচালিত হয়। দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৫৭০ শিক্ষার্থী এতে অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫২ শতাংশ ছাত্রী ও ৪৮ শতাংশ ছাত্র।

৩১ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় জীবনে নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছেন সহপাঠী ও জ্যেষ্ঠ সহপাঠীদের হাতে; এ হার প্রায় ৮৬ শতাংশ। প্রায় ৩৪ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা শিক্ষার পরিবেশ নিয়ে অসন্তুষ্ট। ৫৯ শতাংশ জানান, তারা মন খুলে কথা বলার মতো কোনো শিক্ষক পান না।

জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৬ শতাংশ জানিয়েছেন, তারা আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আত্মহত্যার চিন্তা এসেছে কিন্তু চেষ্টা করেননি ৩৯ শতাংশ, আত্মহত্যার চিন্তা এসেছে এবং উপকরণও জোগাড় করেছেন ৭ শতাংশ শিক্ষার্থী। প্রায় ৩৬ শতাংশ জানিয়েছেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় না। ২৬ শতাংশ শিক্ষার্থী এ সম্পর্কে কিছু জানেন না।

সংবাদ সম্মেলনে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে, শিক্ষার্থীরা কেন হতাশা এবং বিষণ্নতায় ভুগছে তা বোঝা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এর জন্য বিশ্ববিদ্যালয়ের সদিচ্ছা দরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ওবায়দুল্লাহ আল মারজুক, এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক (কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্য প্রকল্প) আবদুল্লাহ আল হারুন। সভাপতিত্ব করেন আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তানসেন রোজ। জরিপের তথ্য তুলে ধরেন সংগঠনের গবেষণা ও বিশ্লেষণ বিভাগের সদস্য ফারজানা আক্তার

জয় দিয়ে শুরু বিশ্বকাপ যাত্রা টাইগারদের

0

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে সাম্প্রতিক অফফর্মের হতাশাও খানিকটা কমল বাংলাদেশের। টানা ব্যর্থতার বৃত্তে আটকে থাকা লিটনরা বিশ্বকাপে পেলেন স্বস্তির সুবাতাস। 

অন্যদিকে এই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা অনেকটাই বেজে গেল শ্রীলঙ্কার। টানা দুই হারে সুপার ফোরের সমীকরণটা কঠিন হয়ে উঠল লঙ্কানদের।  

আজ শনিবার (৮ জুন) বিশ্বকাপের ১৫ তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ১২৪ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলতে পেরেছেন পাথুম নিশানকা।   

জবাব দিতে নেমে ৬ বল হাতে রেখে ১২৫ রান করে জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। যদিও, ব্যাটিংয়ের শুরুতে বরাবরের মতো ব্যর্থতা ভর করে বাংলাদেশের ওপর। শুরুতেই বিদায় নেন সৌম্য সরকার। ধানাঞ্জয়া ডি সিলভার সাদামাটা বলে বাজে শট খেলে শূন্যতে বিদায় নেন বাঁহাতি ওপেনার। এরপর হতাশ করেন তানজিদ তামিম। নুয়ান থুশারার ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন তানজিদ (৩)। চারে নেমে টিকলেন না অধিনায়ক শান্তও। ১৩ বল মোকাবিলা করে অধিনায়কের ইনিংস থামল ৭ রানে। ২৮ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তখন উইকেটে থেকে আশার পালে সাহস যোগান তাওহিদ ও লিটন দাস। এই জুটিতে জয়ের পথটা সহজ করে ফেলে বাংলাদেশ। মাঝপথে ২০ বলে ৪০ রান করে তাওহিদ ফিরলে লিটনও বিদায় নেন। ৩৬ রান করে হাসারাঙ্গার এলবির ফাঁদে পড়েন ডানহাতি ব্যাটার। দুই সেট ব্যাটার ফেরার পর হারতেই বসেছিল বাংলাদেশ। কিন্তু ক্রিজে থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। জয়ের পথে মাহমুদউল্লাহ করেন ১৬ রান। 

এর আগে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে যথারীতি বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুন বলে বাংলাদেশের ইনিংস শুরুটা করেছেন তানজিম হাসান সাকিব। এক বাউন্ডারি হজম করলেও প্রথম ওভারে ৫ রানের বেশি দেননি তিনি। সাকিব আল হাসান দ্বিতীয় ওভারে এসেই রান দেদারসে। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে ফেরা তাসকিনের ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকান কুশল মেন্ডিস। তৃতীয় বলেই বোল্ড। ডানহাতি পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারি স্টাম্পে টেনে নিয়ে বোল্ড হন মেন্ডিস (১০)।

পঞ্চম ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম বলেই পেয়ে যান সাফল্য। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি উড়িয়ে মারার চেষ্টায় মিড অফে ক্যাচ হয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস। 

দুই উইকেট হারানোর পরও পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে শ্রীলঙ্কা। তার মধ্যে উইকেটে থিতু হয়ে ভয় জাগান পাথুম নিশানকা। ভয়ংকর হয়ে ওঠা এই নিশানকার প্রতিরোধ ভাঙেন মুস্তাফিজ। কাটার মাস্টারের ফুল লেংথ ডেললিভারিতে কাভারের শান্তর ক্যাচ হয়ে ফেরেন নিশানকা। ফেরার আগে ২৮ বলে সাত চার ও এক ছক্কায় ৪৭ রান করেন লঙ্কান ওপেনার। 

তিন টপ অর্ডারের বিদায়ের পর চতুর্থ উইকেটে জুটি গড়ার আভাস দেন ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা। নবম ওভারে এসে জোড়া উইকেট নিয়ে ৩০ রানের এই জুটি ভাঙেন রিশাদ। প্রথমে তুলে নেন ১৯ রান করা আসালাঙ্কাকে। এরপর ছয়ে নামা হাসারাঙ্গাকে রানের খাতাই খুলতে দেননি রিশাদ। 

নিজের শেষ ওভারে এসে ডি সিলভাকেও বিদায় করেন রিশাদ। ১৯ রান করা সিলভা বাংলাদেশি লেগ স্পিনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। দ্রুত উইকেট হারানোর মিছিলে বড় পুঁজি গড়তে পারেনি শ্রীলঙ্কা। একের পর এক উইকেট হারিয়ে অল্পতে থামে হাসারাঙ্গার দল।

বাংলাদেশের হয়ে বল হাতে ২২ রান দিয়ে তিন উইকেট নেন রিশাদ। ১৭ রান খরচায় মুস্তাফিজুর রহমান নেন তিনটি। ২৫ রানে দুটি নিয়েছেন তাসকিন আহমেদ। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৯ (নিশানকা ৪৭, কুসাল ১০, কামিন্দু ৪, ধানাঞ্জয়া ২১, আসালাঙ্কা ১৯, হাসারাঙ্গা ০, ম্যাথিউস ১৬, শানাকা ৩, থিকশানা ০, পাথিরানা ০*, থুশারা ০*; তানজিম ৪-০-২৪-১, সাকিব ৩-০-৩০-০, তাসকিন ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-১৭-৩, রিশাদ ৪-০-২২-৩, মাহমুদউল্লাহ ১-০-৪-০)।

বাংলাদেশ :  ১৯ ওভারে ১২৫/৮(সৌম্য ০, তানজিদ ৩, শান্ত ৭, তাওহিদ ৪০, লিটন ৩৬, সাকিব ৮, মাহমুদউল্লাহ ১৬, রিশাদ ১, তাসকিন ০, সাকিব ১; ডি সিলভা ২-০-১১-১, থুশারা, থিকসানা ৪-০-২৫-০, হাসারাঙ্গা ৪-০-৩২-২, পাথিরানা ২-০-২৭-১)।

ফল : দুই উইকেটে জয়ী বাংলাদেশ।

ব্যাংকে টাকা রাখায় খরচ বাড়ছে অনেক

0

ব্যাংকে ধনীদের জমানো টাকায় খরচ বাড়তে যাচ্ছে। ব্যাংকে রাখা টাকার ওপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশের সময় তিনি এ প্রস্তাব করেন।

বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা।

বর্তমানে এক লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দিতে হয় ১৫০ টাকা এবং পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এই দুটি স্তরে কোনো পরিবর্তন আসছে না।

ব্যাংক হিসাবের টাকা বছরে অন্তত একবার এসব স্তর স্পর্শ করলে আবগারি শুল্ক দিতে হয়।

বর্তমানে ১০ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত যে স্তরটি রয়েছে, সেটি ভেঙে দেয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ ক্ষেত্রে তিনি ১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত গচ্ছিত টাকায় আগের মতোই তিন হাজার টাকা আবগারি শুল্ক কেটে রাখার প্রস্তাব করেন। আর ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত তিন হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা, এক কোটি টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা এবং দুই কোটি টাকা থেকে পাঁচ কোটি পর্যন্ত ২০ হাজার টাকা আবগারি শুল্ক করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

বর্তমানে এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আমানতে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক বসে।
কারো ব্যাংক হিসাবে বছরে একবার যদি স্থিতি পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে অতিক্রম করে, তাহলে সেই আমানতের ওপর আবগারি শুল্কের পরিমাণ আগের মতো ৪০ হাজার টাকা আবগারি শুল্ক কেটে রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

প্রতিবছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনও ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ যদি একবার এক লাখ টাকা বা তার ওপরের স্তরগুলোর সীমা স্পর্শ করে, তাহলে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক দিতে হয়। একাধিকবার স্পর্শ করলেও একবারই আবগারি শুল্ক কাটা হয়। কোনো হিসাবে এক লাখ টাকার কম থাকলে কোনও আবগারি শুল্ক কাটা হয় না।

২০২০-২১ অর্থবছরে সর্বশেষ ব্যাংকে থাকা টাকার ওপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়।

বজ্রপাতে দেশের চার জেলায় আটজনের প্রাণহানি

0

বজ্রপাতে দেশের চার জেলায় একদিনে আটজনের প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার (৭ জুন) বজ্রপাতে নওগাঁয় তিনজন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন এবং নাটোর ও ঠাকুরগাঁওয়ে একজন করে প্রাণ হারিয়েছেন। এনটিভির জেলা প্রতিনিধিরা এ খবর জানান।

নওগাঁ

বজ্রপাতে নওগাঁর মান্দায় একজন এবং পত্নীতলা উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমুদ্দিনের ছেলে শামসুল আলম (৩৪), পত্নীতলা উপজেলার উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের বিশা মণ্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা (৩৫)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করেই পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। কৃষক শামসুল আলম মেঘ দেখে বাড়ির পাশে মাঠে কাজ করতে যান। তার স্ত্রী লালবানুও সঙ্গে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে, পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ি আনার সময় উঠানে বজ্রাঘাতে নিহত হন। একই সময়ে পৃথক ঘটনায় গৃহবধূ মনিকা বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন। স্বজনরা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনটি ঘটনায় অপমৃত্যুর মামলা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুসহ দুজন এবং ভোলাহাট উপজেলায় আরেক শিশু নিহত হয়েছে।

নিহতরা হলেন—শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গার সুভাস ভক্তের স্ত্রী ববি ভক্ত (৩২), শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাকা নিশিপাড়ার এরশাদ আলীর মেয়ে কবিতা খাতুন (১১) এবং ভোলাহাট উপজেলার আন্দিপুর হঠাৎপাড়ার ইসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বাড়ির সামনে বসে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় ববি ভক্ত। এ ছাড়া বিকেল ৩টার দিকে বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে যায় শিশু কবিতা খাতুন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে, বিকেল পৌনে ৩টায় ঝড়-বৃষ্টির সময় আমবাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে আহত হয় আমেনা খাতুন। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার এ তথ্য নিশ্চিত করেন।

নাটোর

নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল হোসেন (৩৫) উপজেলার কোমরপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। আহত হয়েছেন মো. মজনু (৪০) একই গ্রামের আহমদ আলীর ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, দুপুরে মাছ ধরার সময় নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নের পীরগাছা এলাকায় বজ্রপাতে একজন মারা গেছে। আরও একজন আহত হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

ঠাকুরগাঁও

বজ্রপাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার (৩৫) রনশিয়া গ্রামের ফিরোজ্জামানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বৃষ্টি নামলে বাড়ির পাশে ভুট্টার গাছের খড়ি ঢাকতে গিয়ে বজ্রপাতে আহত হন লিপি আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম এ বিষয়ে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। 

খরচ বাড়ছে মোবাইল ব্যবহারে

0

মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করতে চায় সরকার। সেই সঙ্গে সিমের মূল্য সংযোজন করও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী বলেন, “মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি; এছাড়াও প্রতিটি SIM কার্ড/e-SIM সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।”

এখন মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া সেবায় ১৫ শতাংশ মূল্য সংযোজন করের পাশাপাশি ১৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা আছে। এর সঙ্গে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর প্রতিটি সিম বা ই-সিমের বিপরীতে মূল্য সংযোজন কর ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাবেন প্রধানমন্ত্রী

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) ভারতে যাবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে নরেন্দ্র মোদি  তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান। 

এর আগে টানা তৃতীয়বার বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার (মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব সভায় আরও এগিয়ে যাবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ জুন

0

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ জুন, শেষ হবে ১১ আগস্ট, ২৯ জুন থেকে ১১ আগস্ট সব কোচিং সেন্টার বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী