Tuesday, March 3, 2026
Home Blog Page 17

বন্যায় প্রাণহানি ২৩, ক্ষতিগ্রস্ত ৫৭ লাখ মানুষ

0

চলমান বন্যায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া দুইজন নিখোঁজ রয়েছে। সোমবার (২৬ আগস্ট) এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় ৫৭ লাখ এক হাজার ২০৪ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে কুমিল্লায় ছয়জন, চট্টগ্রাম ও নোয়াখালীতে ১০ জন, কক্সবাজারে তিনজন, ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুরে একজন করে রয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় দু’জন নিখোঁজ রয়েছেন।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য ৩ হাজার ৮৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৬৯ হাজার ৫২৩ জন মানুষ, ২৮ হাজার ৯০৭টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ৬৪৫টি মেডিকেল টিম চালু রয়েছে বলে এক বিজ্ঞপ্তি জানায় মন্ত্রণালয়।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃষ্টিপাতের তীব্রতা না বাড়ায় ফেনী ও কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। সোমবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া।

তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানির কমা অব্যাহত রয়েছে। এতে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে বলে জানান তিনি।

পার্থ প্রতীম বড়ুয়া বলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীগুলোর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। আগামী ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও এর আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে কিছু কিছু এলাকায় প্রধান নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

হাসনাত আব্দুল্লাহকে দেখতে ঢাকা মেডিকেলে যান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে ঢাকা মেডিকেলে যান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের কাছে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারবাজারে গত ১৪ বছরে ব্যাপক অনিয়ম হয়েছে: বিএসইসি চেয়ারম্যান

0

শেয়ারবাজারে গত ১৪ বছরে ব্যাপক অনিয়ম হয়েছে’ উল্লেখ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘১৪ বছরের ঘাটতি ১৪ মাসেও রিকভার করা সম্ভব কি না, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে অতীতে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে খতিয়ে দেখতে হবে। বিশেষ করে সংস্থার গত ১০ বছরের কার্যক্রম ব্যাপকভাবে পর্যালোচনা করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় সংস্কার করা হবে।’

রোববার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিম সভায় তিনি এসব কথা বলেন। এসময় বিএসইসি কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান এবং মো. মহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘যারা পুঁজিবাজারে অনিয়ম করেছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। নিয়ন্ত্রক সংস্থার কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদেরও শাস্তি পেতে হবে। আমাদের এমন এক সিস্টেম তৈরি করতে হবে, যেন কারসাজিকারীরা বাজারকে পূর্বের মতো পরিস্থিতিতে আবার ফেলতে না পারে। যে সব বিষয়ে অভিযোগ আছে সবগুলো আমরা তদন্ত করে দেখবো।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো মার্কেটে গভর্ন্যান্স ফিরিয়ে আনা। গত ১৪ বছর ধরে চলা অনিয়মে আমরা অনেক পিছিয়ে গেছি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ভালোই সময় লাগবে। তবে আমরা যদি ফোকাসড থাকি, সবাই একসাথে কাজ করি, তবে আশা করা যায় আমরা এ সমস্যা তাড়াতাড়ি কাটিয়ে উঠব।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে হলে বাজারের ট্রান্সপারেন্সি আরও বাড়াতে হবে। ঘোলা পানি বা ময়লা পানি দেখে কেউ আগ্রহ দেখায় না। কিন্ত পানি যখন স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে, তখন মানুষ সেই পানিতে আগ্রহী হয়ে উঠে। ট্রান্সপারেন্সি বাড়লে বাজারে কারসাজিকারীরা আর কোন প্রভাব ফেলতে পারবে না।

বাজার মধ্যস্থতাকারী কোম্পানি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোতেও বেটার কর্পোরেট গভর্ন্যান্স নিয়ে ভাবছি। ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা বাড়াতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘সূচকের ওঠা-নামা দেখা নিয়ন্ত্রক সংস্থার কাজ না। আমরা এগুলো দেখব না। আমরা বাজারের সমস্যাগুলোকে চিন্থিত করে সেগুলো সমাধানের কাজ করব। বাজারে ফ্লোর প্রাইস, সার্কিক ব্রেকারসহ যেসব বিধি-নিষেধ প্রয়োগ রয়েছে, সেগুলোকে আমরা রিভিউ করব। যত দ্রুত সম্ভব এই কাজগুলো আমরা করব।’

এসময় বিএসইসি কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান বলেন, ‘পুঁজিবাজারের জন্য মিউচুয়াল ফান্ড গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সেটা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডে কিছু কিছু অনিয়ম হয়েছে। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আইন বা বিধি-বিধানের ক্ষেত্রের বৈষম্যতা ছিল। আগামীতে সেটা আমরা দূর করার চেষ্টা করব। সেই বৈষম্যমূলক আইন ও বিধি-বিধানগুলো রিভিউ করা হবে। মিউচুয়াল ফান্ডে যেসব বৈষমতা হয়েছে, আমরা তা চিহ্নিত করে সমাধান করব।’

তিনি বলেন, ‘আমাদের আইন অনেক আছে। সেগুলো কতখানি মার্কেট ফ্রেন্ডলি বা ইনভেস্টর ফ্রেন্ডলি করা যায় তা আমাদের রিভিউ করতে হবে। তাহলে বৈষম্য কথাটা আর থাকবে না। সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও সুশাসন নিশ্চিত সম্পন্ন পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্যে আইনের প্রয়োগ সঠিক থাকতে হবে। আমরা জোর দিয়ে বলছি, পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করা হবে। শুধু মুখে বলা নয়, কাজ করে দেখিয়ে দেওয়া হবে। তাহলে পুঁজিবাজারে বৈষম্যতা দূর হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।’

এর আগে সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজিএফ) সঙ্গে এক সৌজন্য বৈঠকে পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন তিনি। এসময় বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করার কথাও জানান। এ জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের সহযোগিতা চান বিএসইসির চেয়ারম্যান।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও দুই কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক আবু আলীসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের ওপর আমাদের আস্থা আছে : মির্জা ফখরুল

0

দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার এসেছে, তাদের ওপর আমাদের আস্থা আছে।

আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আস্থার কারণ এই সরকারের নেতৃত্বে রয়েছেন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদে রয়েছেন অর্থনীতিবিদ, সিভিল সোসাইটি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ। তাদের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। আমরাও প্রত্যাশা করি একটা যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনি পরিবেশ তৈরি হবে ও জনগণের প্রতিনিধিত্বমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন তারা দেবেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা চিন্তিত ছিলাম বেশ কিছুদিন ধরে প্রধান উপদেষ্টা কিছু বলছিলেন না, কিন্তু তিনি গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অনেক বিষয় তুলে ধরেছেন যা আমরা সমর্থন করি। তবে আমরা আশা করেছিলাম তার ভাষণে একটি রোডম্যাপ থাকবে, কিন্তু উনার কথায় তা পাইনি। যদিও জানি দ্রুত সময় তা সম্ভব নয়। তবুও উনার কথায় থাকলে ধারণা নিতে পারতাম যে ভালোর দিকে যাচ্ছে দেশ। অবশ্য উনার কথার মূল ছিল দেশে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে। আমরাও আশা করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি অচিরেই কথা বলবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রশাসনের যেসব কর্মকর্তা ফ্যাসিবাদী সরকারকে মদদ দিয়েছেন, হত্যার নির্দেশনা দিয়েছেন তাদেরকে প্রশাসনে দেখতে চাই না। এখনও যারা আছেন তাদেরকে অতিদ্রুত অপসারণ করে সেখানে দেশপ্রেমিক কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। অন্যথায় এর দায়ভার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। জাতি তাদের ক্ষমা করবে না।’

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অন্তর্বর্তী সরকার অবশ্যই কাজ করতে এসেছে, তাদেরকে কাজের সুযোগ দিতে হবে। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। তবে আমরা বিশ্বাস করি একটা যৌক্তিক সময়ের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

বন্যার পানির চাপে ভেঙে গেল মুছাপুর স্লুইসগেট

0

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেলো মুছাপুর স্লুইসগেট। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। সোমবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ভারতের উজানের ফলে ফেনী মুহুরি নদীর পানি ও ভারী বর্ষণে কোম্পানীগঞ্জের পানি মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেট দিয়ে বঙ্গোপসাগরে যায়। সোমবার সকালে পানির তীব্র চাপে ভেঙে যায় রেগুলেটরটি। এরপর ব্রিজসহ পানিতে তলিয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা তাসিব বলেন, সবাই এলাকাছাড়া হয়ে যাচ্ছে। কারণ জোয়ারের পানি ঢুকলে এলাকা তলিয়ে যাবে। সবাই ছোটাছুটি করছেন। আমাদের জন্য দোয়া চাই।

মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, পানির তীব্র চাপ সহ্য করতে না পেরে রেগুলেটরটি ভেঙে গেছে। আমাদের মুছাপুর ক্লোজার শেষ। স্থানীয় মানুষজন কান্নাকাটি করছে। সবাই অসহায় হয়ে পড়েছে। জোয়ার হলে এখন পুরো কোম্পানীগঞ্জ ভেসে যাবে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া আর উপায় নাই।

পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরাও বিষয়টি জেনেছি। আসলে রেগুলেটরের ২৩টি গেট দিয়ে প্রচুর পানি নেমেছে। যদি গেটগুলো আগে খোলা না হতো তাহলে আগেই ভেঙে যেত। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, মুছাপুর রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারগণের কাজের সুবিধার্থে রেগুলেটর-সংলগ্ন এলাকায় ভিড় না করার জন্য সবিনয় অনুরোধ করছি।

দেশ ঠিক করে দেব, আমাকে ছেড়ে দিন: সালমান এফ রহমান

0

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত ১৩ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে।

জিজ্ঞাসাবাদে ডিবিকে সালমান এফ রহমান তাকে ছেড়ে দিতে বলেন। তার ভাষ্য, আমাকে আটকে রাখলে, আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮০ হাজার লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারব না। এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন। আমি দেশ ঠিক করে দেব।

এ সময় ডিবি কর্মকর্তা বলেন, ‘আপনি ঠিক করলে এখানেই করুন। কোর্টে গিয়ে কথা বলুন। কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে।’

সালমান এফ রহমানের কাছে ডিবি জানতে চায়, গত নির্বাচনের আগে আওয়ামী লীগ কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সরকারের পতন ঠেকিয়ে দেয়?

উত্তরে সালমান এফ রহমান বলেন, ‘আমরা আমেরিকার পক্ষেই আছি, এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম। আমরা তাদেরকে আরও বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল। না হলে তখনই আমাদের পতন হয়ে যেত।’

এর আগে সালমান এফ রহমান ডিবিকে জানান, তিনি আগেও ২ বছর জেল খেটেছেন। সুতরাং জেলে রাখলে তার সমস্যা হবে না কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে।

সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, ‘মামলা তো মাত্র শুরু। কতগুলো মামলা হবে তা আমরাও জানি না। আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, ওয়ান-ইলেভেনের সময় ২ বছর জেল খেটেছি। সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে। কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে। তারা বেতন পাবে না। ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না।

প্রসঙ্গত ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। এই মুহূর্তে যারা ডিবিতে রিমান্ডে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক এমপি সাদেক খান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

১ সেপ্টেম্বর শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

0

পহেলা সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে এবছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আর বাড়ানো হবে না। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গতকাল রোববার (২৫ আগস্ট) এ সংক্রান্ত একটি পত্র জারি করেছে।

আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে একরুমে সর্বোচ্চ ছয় সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী প্রেরণ করতে পারবে। হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে। এ ছাড়া ১৬১৩৬ নম্বর ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যেকোনো তথ্য। ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার  হজ অফিস থেকে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকার Sale Proceeds of Hajj Deposit শীর্ষক হিসাবে ০০০২৬৩৩০০০৯০৮ হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে।

ক্যানসার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষা প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতিকে বিভক্ত নয় বরং জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনগুলোতে জাতিগঠনের জন্য যার যার জায়গা থেকে আমরা অবদান রাখবো ইনশাআল্লাহ। সে জন্য আমাদের সঙ্গে আপনাদেরকে পেতে চাই। আমরা কোন বিভক্ত জাতি চাচ্ছি না। ধর্মের ভিত্তিতেও না, দলের ভিত্তিতেও না। দল এবং ধর্ম যার যার অবস্থানে থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২৫ আগস্ট রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান (হাজী শরীয়তুল্লাহর নাতি), ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমীর মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আশরাফী, এসোসিয়েশন ফর ইসলামিক মিডিয়া পার্সোনালিটিজ-এর সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ বকসী, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের তথ্য সম্পাদক মাওলানা মোঃ ফজলুল করিম।

আমীরে জামায়াত বলেন, “দীর্ঘ সাড়ে পনেরো বছর দুঃশাসনের পর গত ৫ আগস্ট দেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তানের পর দেশটা কিভাবে শান্তি-শৃঙ্খলার দিকে ফিরে আসবে এবং দেশের প্রত্যেক নাগরিক তার জান-মাল-ইজ্জত-আব্রু নিয়ে শান্তি ও মর্যাদার সাথে বসবাস করতে পারে এ রকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের করণীয় কী হতে পারে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছি এবং আমরা একমত হয়েছি। আমরা কোন মাইনোরিটি ও মেজোরিটি চাই না, আমরা চাই একতা। যে জাতি ঐক্যবদ্ধ থাকে সে জাতির ভাগ্য পরিবর্তন হয়। এটা কেউ আটকিয়ে রাখতে পারে না এবং জাতি মর্যাদার সাথে তার আশা দুনিয়ার বুকে তৈরী করে নেয়।

আমীরে জামায়াত আরও বলেন, এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য তাজা প্রাণ চলে গেছে। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ করুন। দেশের ভিতরে যেমন আমরা গুলির সামনে লড়াই করেছি ঠিক তেমনিভাবে সারা বিশ্ব জুড়ে যেখানে বাংলাদেশীরা আছেন তারাও আমাদের সাথে সমানতালে লড়াই করেছেন। এই লড়াই করতে গিয়ে বহু জায়গায় মিছিল-মিটিং হয়েছে। বিগত সরকার দুর্নীতি করার কারণে দেশে তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এই যুদ্ধ তারা সমানতালে চালিয়েছেন। আমরা তাদের মোবারকবাদ জানাই। ছাত্রজনতার সাথে তালমিলিয়ে বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে গ্রেফতার হয়েছেন। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো রেমিট্যান্সদাতা যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি তাদেরকে যেন অতি দ্রুত মর্যাদা সম্পন্ন করা হয়। তাদেরকে ঐদেশে সম্ভব হলে ওখানে পুনর্বাসন করা, না হলে অত্যন্ত মর্যাদার সাথে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। আমরা আশা করবো দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তি হবে। এই ক্ষেত্রে আপনাদেরকেও আমরা সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানাবো।”

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান বলেন, “আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়ের পরে আমি আমীরে জামায়াতকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ জানাই। উনি দেশের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর রাষ্ট্র গঠন এবং সমাজব্যবস্থার জন্য আমরা উনার সাথে একমত পোষণ করেছি। বাংলাদেশের আলেম-উলামা, রাজনৈতিক ইসলামিক দল আমরা সকলে একযোগে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত : অভিনেত্রী কঙ্গনা

0

হিমাচল প্রদেশের মান্ডির বিজেপির এমপি ও অভিনেত্রী কঙ্গনা রনৌত বলেছেন নরেন্দ্র মোদির সরকার কৃষক আন্দোলন নিয়ে কঠোর না হলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত।

৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রসঙ্গ তুলে এক এক্স বার্তায় কৃষকদের আন্দোলন নিয়ে কথা বলেন কঙ্গনা।

এক্স এ শেয়ার করা ভিডিওতে কঙ্গনা অভিযোগ করেন, খামার আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের সময় মৃতদেহ ঝুলতে দেখা গেছে এবং ধর্ষণের ঘটনাও ঘটেছে। আইন প্রত্যাহার করার পরও বিক্ষোভ অব্যাহত রাখার জন্য অভিনেতা-রাজনীতিবিদ, স্বার্থান্বেষী মহল এবং বিদেশি শক্তি দায়ী। বাংলাদেশে যা ঘটেছে, তা এখানেও সহজেই ঘটতে পারত। বিদেশি শক্তির ষড়যন্ত্র আছে এবং এরা তাই রপ্ত করে। দেশ কুকুরের কাছে গেলে তাদের কিছু যায় আসে না।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনার এই মন্তব্যে তার নিজের দলের মধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। পাঞ্জাবের সিনিয়র বিজেপি নেতা হারজিৎ গারেওয়াল রানাউতকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

আনসারের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে সমন্বয়ক হাসনাত আহত

0

রাজধানীর সচিবালয় সংলগ্ন এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ আগস্ট) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে অভিযোগ করেন, আনসার সদস্যরা ছাত্রনেতাদের অবরুদ্ধ করে রেখেছে। এসময় তাকে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানাতে দেখা যায়।

এদিন দুপুর থেকেই বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আনসার বাহিনীর সদস্যরা। এ সময় সচিবালয়, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় ব্যারিকেড দিয়ে আন্দোলন করছিলেন তারা।

ফলে যান চলাচল বন্ধ হয়ে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

তাদের দাবির মধ্যে রেস্ট প্রথা বাতিল, জাতীয়করণের দাবি অন্যতম।

বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের সাথে বৈঠক শেষে জানিয়েছিলেন, রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে বলে তিনি জানান।