Monday, March 2, 2026
Home Blog

সবাইকে ভোট দেওয়ার ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

0

উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচার করা হয়।

সিইসি বলেন, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান— শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন।

ভোটারদের উদ্দেশে এএমএম নাসির উদ্দিন বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে সতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নিবেন।

যেকোনো অনভিপ্রেত ঘটনায় নির্বাচনি কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনকারী সংস্থাকে সহায়তা করতে সবাইকে আহ্বান জানান সিইসি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সিইসি।

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

0

প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ছিটকে পড়েছেন আগেই। দলের অন্যতম দুই ফাস্ট বোলারকে ছাড়াই টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া আজ প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ শুনল আরও। কুঁচকিকে বলের আঘাত পাওয়া অধিনায়ক মিচেল মার্শকে ছাড়াই আজ প্রথম ম্যাচে খেলতে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

তবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে ‘দুর্বল’ অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করল সাবেক চ্যাম্পিয়নরা। ১৮৩ রানের লক্ষ্য ছুঁতে নেমে ১৬.৫ ওভারে আয়ারল্যান্ড অলআউট ১১৫ রানে।

মার্শের অনুপস্থিতিতে আজ অস্ট্রেলিয়া খেলেছে ট্রাভিস হেডের নেতৃত্বে। টসে জিতে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার ওপেনার। অস্ট্রেলিয়া ৬ উইকেটে করে ১৮২ রান । যেখানে অধিনায়কের অবদান মাত্র ৬। দলকে ৭ রানে রেখে হেড ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ৪৯ রান যোগ করেন জশ ইংলিস (১৭ বলে ৩৭) ও ক্যামেরুন গ্রিন (১১ বলে ২১)।

গ্রিন ও ইংলিসের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও (৯ বলে ৯)। দশম ওভারে ম্যাক্সওয়েল যখন বিদায় নিলেন, অস্ট্রেলিয়ার স্কোর ৮৮/৪। সেখান থেকেই ৬১ রানের জুটি ম্যাট রেনশ ও মার্কাস স্টয়নিসের। ৩৩ বলে ৩৭ রান করেছেন রেনশ। অলরাউন্ডার স্টয়নিস ইনিংস সর্বোচ্চ ৪৫ করেছেন ২৯ বলে। শেষ দিকে ১৩ বলে ২৩ রান যোগ করেন কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট। দুজনই অপরাজিত ছিলেন ১১ রান করে।

রান তাড়ার শুরুতেই দুঃসংবাদ সঙ্গী হয় আয়ারল্যান্ডের। ইনিংসের প্রথম বলে ১ রান নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক পল স্টার্লিং। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া স্টার্লিং খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠ ছাড়েন। এরপর দ্বিতীয় ওভারে ম্যাথু কুনেমান হ্যারি টেক্টরকে ফেরানোর পর আইরিশদের বাকি ৮টি উইকেট নিয়মিত বিরতিতে তুলে নেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। পেসার এলিস ১২ রানে ও লেগ স্পিনার জাম্পা ২৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

৪৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন আটে নামা জর্জ ডকরেল।

বাংলাদেশের মানুষ যাকেই নির্বাচিত করবে, তার সঙ্গেই কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকেই নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।PauseMute

রাত পোহালেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে পরবর্তী শাসক কে হবেন, সেটি নির্ধারিত হবে বৃহস্পতিবার।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসা সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, দেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে, তার সঙ্গেই কাজ করবে মার্কিন সরকার।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বাংলাদেশি জনগণের দ্বারা যে সরকারই নির্বাচিত হোক, ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ

মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮

0

মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজনসহ এক পথচারী আহত হয়েছেন।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গাজী মো. আনিসুজ্জামান জানান, ভোটকেন্দ্রের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা হয়। পরে সেখানে সংঘর্ষে জড়ায় তারা। 

এ ঘটনায় মাথায় রক্তাক্ত জখম অবস্থায় জয় (৩২) ও জুয়েল (৪২), ইকবাল (৩২) নামে এবং হাত ভাঙা অবস্থায় আব্দুল জব্বার বেপারি (৫৩) নামের একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মিছিল থেকে ফুটবল সমর্থকদের উপর হামলা করা হয়। পরে সেখানে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

‘সৈয়দপুরে জামায়াত নেতা আটকের ঘটনা সাজানো নাটক’

0

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকা নগদসহ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমিরকে আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই তিনি বিমানে ওঠেন। তবে সৈয়দপুরে পৌঁছানোর পর পরিকল্পিতভাবে এ ঘটনা সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি।

জুবায়ের বলেন, আমাদের একজন দায়িত্বশীল ও বয়স্ক নেতা ব্যবসায়িক প্রয়োজনে ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ব্যাংক বন্ধ থাকায় এবং ব্যবসায়িক লেনদেনের প্রয়োজনে তিনি সঙ্গে কিছু নগদ টাকা বহন করছিলেন।

তিনি বলেন, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হওয়ার সময় তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই বিমানে ওঠেন। অথচ সৈয়দপুরে পৌঁছানোর পর সেখানে একটি নাটক সাজানো হয়েছে।

টাকা বহনের বৈধতার স্বপক্ষে প্রমাণ তুলে ধরে তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ অভ্যন্তরীণ রুটে এই অর্থ পরিবহনে কোনো বাধা নেই মর্মে অনাপত্তিপত্র দিয়েছেন। ঢাকা থেকে তাকে ক্লিয়ারেন্স দেওয়া হলো, অথচ গন্তব্যে পৌঁছানোর পর তাকে আটক করে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। এটি জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার একটি হীন প্রয়াস।

আটক নেতার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মানসিক নির্যাতনের কারণে ওই বয়স্ক নেতা অসুস্থ হয়ে পড়েছেন।

ব্রিফিংয়ে নির্বাচনের আগের দিন দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরা হয়।

জুবায়ের অভিযোগ করেন, ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার-১, কুমিল্লা-৪ ও ৮ এবং বরগুনায় নেতা-কর্মীদের ওপর হামলা, এজেন্টদের মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।

তিনি বলেন, প্রশাসনের একটি অংশ ও একদল লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ২৪-এর ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে এই ধরনের ফ্যাসিবাদী আচরণ জনগণ মেনে নেবে না। যারা এসব করছেন, তারা জনরোষে পড়বেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন টিমের সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেন, সাধারণ কাণ্ডজ্ঞান দিয়ে ভাবুন—কারও কাছে যদি অবৈধ বা সন্দেহজনক টাকা থাকে, তবে সে কি বিমানবন্দরের মতো এমন কঠোর ও অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তা নিয়ে যাবে? অবশ্যই যাবে না।

তিনি বলেন, কোনো তদন্ত ছাড়াই সাংবাদিক বা কর্তৃপক্ষ কীভাবে সিদ্ধান্তে পৌঁছালেন যে এই টাকার সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে? জামায়াতের স্পষ্ট অবস্থান হলো—এর সঙ্গে নির্বাচনের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এটি জামায়াতের বিরুদ্ধে একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এ সময় দলের পক্ষ থেকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

নির্বাচনের আগের দিন জামায়াত নেতার এত বিপুল অর্থের উৎস ও উদ্দেশ্য কী, প্রশ্ন বিএনপির

0

বিএনপির বিজয় অনিবার্য জেনে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। পাশাপাশি তিনি কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা নিয়ে নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্ন তোলেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন, সেটি একটি প্রশ্ন।

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানেই দেশের বর্তমান নির্বাচনী পরিস্থিতি, অনিয়ম ও দলের অবস্থান তুলে ধরতে গিয়ে মাহ্দী আমিন এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

ঢাকা থেকে যাওয়ার পর সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটক হওয়ার ঘটনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, টানা চার দিন যেখানে দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোনো ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে, সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, উল্লেখ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র বলেন, ‘স্পষ্টতই, আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ?’

সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখার সুযোগ নেই উল্লেখ করে মাহদী আমিন অভিযোগ করেন, দেশের অন্যান্য জায়গার মতো জামায়াতের আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫–তেও একই রকম অবৈধ অর্থনৈতিক লেনদেনের ঘটনা সংগঠিত হতে দেখা গেছে। কুমিল্লা, নোয়াখালী, খুলনাসহ দেশের অসংখ্য জায়গায় এমন ঘটনা দেখা গেছে।

গণমাধ্যমে প্রাপ্ত সংবাদের বরাত দিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, দেশের অনেক জায়গায় ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত, ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টিসহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।

মাহদী আমিন দ্রুত, দেশব্যাপী নির্বাচন কমিশন তথা রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটি ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। বোরকা ও নিকাবের অপব্যবহার করে কেউ যেন মিথ্যা পরিচয়ে জাল ভোট দিতে না পারে, সে জন্য তিনি ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নারী এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় নিশ্চিত করার দাবি জানান।

মাহদী আমিন জানান, এই নির্বাচন শুধু কেবল ভোটের অধিকার নয়, এই নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। এই নির্বাচন শহীদ এবং গুম হওয়া প্রতিটি সন্তানের মায়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার সংকল্প। এই নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য। দেশি-বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে। মাঠের বাস্তবতা, জনস্রোত, গ্রহণযোগ্য জরিপ, তথা গণমানুষের প্রত্যাশায় আজ এটিই প্রতিফলিত।

আগামীকাল সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের, এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের মানুষের।

রাউজানে প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি

0

চট্টগ্রামের রাউজানে ভোটের আগের দিন প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে একদল অস্ত্রধারীর গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়। সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রবাসীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও অস্ত্রধারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ ১০ থেকে ১২ অস্ত্রধারী শমসেরপাড়া গ্রামে রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং গালাগাল করে চলে যায়। পরে খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যান।

দলীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রবাসীর বাড়িতে গুলির খবর পেয়ে তাঁরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যান। কী কারণে গুলি ছোড়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: প্রথম আলো নিউজ

দেশের বিরুদ্ধে চক্রান্ত ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাম জোটের

0

দেশের স্বার্থবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে এবং ভোটাধিকারসহ নিজেদের অধিকার রক্ষায় সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

আজ মঙ্গলবার ‘দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং জন অধিকার রক্ষায় করণীয় নির্ধারণ’ শীর্ষক এক সভায় এ আহ্বান জানানো হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভাটি অনলাইনে হয়।

সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলো অনির্বাচিত সরকারের ওপর ভর করে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। তাঁরা দেশের স্বার্থবিরোধী সব ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। সভায় কালক্ষেপণ না করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

নেতারা বলেন, সরকারের আন্তরিকতা থাকলে এ সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা যাবে এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারের কাজও দৃশ্যমান করা সম্ভব হবে।

সভায় নেতারা রাখাইনে করিডর প্রদান এবং চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার পরিকল্পনা বাতিলের জোরালো দাবি জানান। এই দাবিগুলো নিয়ে ২৭-২৮ জুন বাম গণতান্ত্রিক জোটের ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফল করার আহ্বান জানানো হয়।

সভায় ভারত থেকে ‘পুশ ইন’-এর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান না নেওয়ায় সমালোচনা করা হয় এবং অবিলম্বে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া আইনগতভাবে মেয়র নির্বাচিত করার বিষয়ে নানা মত থাকলেও নির্বাচন কমিশনের স্বাধীন ভূমিকার পর ঢাকা দক্ষিণের মেয়রের শপথ অনুষ্ঠান কেন সম্পন্ন হচ্ছে না, তা নিয়ে দেশবাসী জানতে চায় বলে সভায় উল্লেখ করা হয়।

ঈদের আগে অনেক শ্রমিক-কর্মচারীর বেতন ও বকেয়া পরিশোধ না করা এবং এ বিষয়ে সরকারের দায়িত্বশীল আচরণ না করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা বলেন, ১১৭টি কারখানা বন্ধ ও লক্ষাধিক শ্রমিক বেকার হলেও সরকার প্রকৃতপক্ষে কোনো ভূমিকা নিচ্ছে না। তাঁরা উল্লেখ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা বৈষম্যহীনতা থাকলেও দিন দিন বৈষম্য বেড়ে চলেছে।

জোটের সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেছেন

0

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য জানান।

সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, তাঁর এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।

১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক থেকে নতুন দিক উন্মোচিত হতে পারে: মির্জা ফখরুল

0

যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। ১৩ জুন (শুক্রবার) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে বৈঠকটি হবে। এ বৈঠকে নতুন ‘ডাইমেনশন’ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন বলে যখন ঘোষণ আসে, তখন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল।

বাংলাদেশের রাজনৈতিক যে সংকটগুলো রয়েছে, সেগুলোয় এ বৈঠক ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান, তাতে এটা একটা বড় ইভেন্ট। গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটার গুরুত্ব অনেক বেশি।’

অনুষ্ঠেয় বৈঠকটিকে এ সময়ের বড় ‘পলিটিক্যাল ইভেন্ট’ হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অনেক সুযোগ তৈরি হতে পারে এ বৈঠকে। অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এ বৈঠকে। নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে।

অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সময়টা (আগামী এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন) ভোটের জন্য ঠিক নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, রমজানের আগে প্রচার-প্রচারণায় অনেক সমস্যা হবে। প্রতিদিনই ইফতার মাহফিল করা লাগবে। নির্বাচনী ব্যয় দ্বিগুণ হবে। প্রচণ্ড গরমের কারণে সমাবেশে লোকজন আনা যাবে না। রাতে প্রোগ্রাম করতে হবে।

নির্বাচনটা খুব বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অনেকে বলেন বিএনপি সংস্কার চায় না। এটা প্রোপাগান্ডা। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার-প্রচারণা করা হচ্ছে। বিএনপি সংস্কারের জন্য গণ-অভ্যুত্থানের আগেই ৩১ দফা দিয়ে রেখেছে।

রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীসহ সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘জাতিকে বিভক্ত করবেন না। তাহলে যারা বাইরের শক্তি, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, তারা সুযোগ পাবে।’